জাতীয় পার্টির (জাপা) ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে এবার দলটি একটিও আসনে জয়ী হতে পারেনি। দেশের ১৯৬টি আসনে প্রার্থী দাঁড় করানো হলেও লাঙল প্রতীকের প্রার্থীরা কোথাও জয়ের মুখ দেখতে পারেনি। প্রতিষ্ঠার চার দশকের বেশি সময়ে জাতীয় পার্টির জন্য এটি নজিরবিহীন ভরাডুবি।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর রংপুরে নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। এর মধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ছবিতে দেখা যায়, সামনে একটি লাঙল রেখে জানাজার নামাজ আদায় করা হচ্ছে। কয়েকটি ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, “রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের নামাজে জানাজা সম্পন্ন হলো।” ছবিটির সত্যতা বা সময়-স্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশন ও সদর) আসনে তৃতীয় হয়েছেন। মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনেও তৃতীয় স্থানে রয়েছেন।
দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ি রংপুর শহরে। এ আসনটি সবসময় লাঙলের বড় ভোটব্যাংক হিসেবে বিবেচিত হতো। তবে এবার সেই কেন্দ্রেও জয় পায়নি দলটি, বরং জামায়াত সেখানে এগিয়ে গেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রংপুরে জাতীয় পার্টির এই পরাজয় এবং তা ঘিরে প্রতীকী প্রতিবাদ আগামী জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে।





